বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে নির্মাতা আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। তবে সেই সিনেমায় তেমন সাফল্য পাননি তিনি। এরপর ছোটপর্দায় নিয়মিত অভিনয় চালিয়ে যান। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।
দীর্ঘ ৬ বছরের বিরতি শেষে ফের সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি একটি কোর্টরুম ড্রামা, যেখানে রয়েছে ক্রাইম থ্রিলারের উপাদানও। গল্পটি আবর্তিত হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে।
এ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, নাটকের ব্যস্ততার কারণে এতদিন সিনেমা নিয়ে ভাবেননি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন— এমন সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটল তার।
প্রসঙ্গত, ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করছেন অভিনেতা তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।
পড়ুন: আপাতত সিনেমা নিয়ে ব্যস্ত, তারপর বিয়ে : পূজা চেরী
আর/


