বিজ্ঞাপন

ফিডের কাঁচামাল বিক্রির নামে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্র গ্রেফতার

যশোরে এক ব্যবসায়ীর কাছ থেকে ফিড তৈরীর কাঁচামাল বিক্রির কথা বলে প্রতারণামূলকভাবে প্রায় ২১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

শুক্রবার (৩১ অক্টোবর) নওগাঁর সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মূলহোতা মোঃ শামীম মল্লিক (৩৮) একজন পেশাদার প্রতারক, যার বিরুদ্ধে পূর্বেও ৪টি প্রতারণার মামলা রয়েছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সুত্র জানায়, গত ১০ অক্টোবর প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভোগী ব্যবসায়ীর মোবাইলে ফোন করে বাজার দরের চেয়ে কম মূল্যে ফিডের কাঁচামাল সরবরাহের প্রস্তাব দেয়। বিশ্বাস অর্জনের জন্য তারা হোয়াটসঅ্যাপে ‘তাহমিদ এন্টারপ্রাইজ’ নামে একটি ভুয়া ভিজিটিং কার্ড পাঠায়।

ভুক্তভোগী তাদের কথায় বিশ্বাস করে ১৫৭ টন কাঁচামাল ক্রয়ের চুক্তি করেন, যার মোট মূল্য ৪৭ লক্ষ ৫৮ হাজার টাকা। চুক্তি অনুযায়ী, আসামীরা মালামাল ডেলিভারির পূর্বে ২০ লক্ষ ৯৬ হাজার টাকা অগ্রিম দাবি করে এবং ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং একাউন্ট নম্বর দেয়।

গত ১২ অক্টোবর ভুক্তভোগী ব্যবসায়ী ঝিকরগাছা ও মনিরামপুর শাখা থেকে দুই কিস্তিতে মোট ২০ লক্ষ ৯৬ হাজার টাকা (১২,৩৬,০০০ ও ৮,৬০,০০০ টাকা) ওই একাউন্টে জমা দেন। টাকা পাওয়ার পর আসামীরা হোয়াটসঅ্যাপে একটি ভুয়া চালান (ভাউচার) পাঠায় কিন্তু কোনো মালামাল সরবরাহ করেনি। পরবর্তীতে ১৫ অক্টোবর ভুক্তভোগী যোগাযোগ করলে আসামীরা মালামাল দিতে অস্বীকার করে এবং উল্টো তাকে ও তার ব্যবসার ক্ষতি করবে বলে হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা দায়ের করলে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি টিম তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান শনাক্ত করে শুক্রবার (৩১ অক্টোবর) নওগাঁ সদর উপজেলা থেকে প্রতারক চক্রের মূলহোতা মোঃ শামীম মল্লিক এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে তার সহযোগী মোঃ রায়হান আলী ওরফে জিসানকে (২০) গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, ২টি চেক বই এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক শামিম মল্লিক ও রায়হান আলী ওরফে জিসান কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন