১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার (১৪ নভেম্বর) বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে শেষে এ তথ্য জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এতে রফতানি আয় বাধাগ্রস্ত হচ্ছে।
মাহমুদ হাসান খান বলেন, কারখানার ভেতরে ভীতিকর অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এতে কর্মীরা হাজিরা দিয়ে বের হয়ে যাচ্ছে। কারখানায় ভাঙচুর করতে বাধ্য করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতে ১৪৭টি কারখানা বন্ধ রয়েছে।
তিনি বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না। এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিক পক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইন অনুযায়ী ১৫ নভেম্বর থেকে গাজীপুর, আশুলিয়া, সাভার এলাকায় কারখানা বন্ধ রাখতে ঐক্যমতে পৌঁছেছেন শিল্পমালিকরা।
এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা।


