ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি রেস্টুরেন্টে গুলির ঘটনায় শিপন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (০১ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত শিপন বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে। এ ঘটনায় ইয়াসিন ও নূর আলম নামে আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এরআগে, রাত ৮টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ মাজারের পাশে একটি হোটেলে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সাথে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাতের বিরোধ চলছিল। শিপন ও রিফাত দুইজনই ডাকাতির সঙ্গে জড়িত। পূর্ববিরোধের জেরে শনিবার রাতে শিপন গণি শাহ মাজারের পাশে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় রিফাত। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদেকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগাবাটোয়ারা নিয়ে এই ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পড়ুন: গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
দেখুন: বিএনপির সমাবেশের দুই দিন আগেই অবরুদ্ধ রাজশাহী
ইম/


