জাতীয় সংসদের ১০৮ আসন বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
১০৯ নম্বর আসন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক তিনবারের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, দলের মনোনয়ন পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে মনোনয়ন দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। ১৯৯১ সালের পর বরগুনায় বিএনপির প্রার্থী দেওয়া হয়নি। এই এলাকার মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এবার তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ এবার আমাদের বিজয় হবে।
নূরুল ইসলাম মণি বলেন, আমার হাতে এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। গত ১৭ বছরে এখানে উন্নয়ন হয়নি, বরং সন্ত্রাস, চাঁদাবাজি ও নির্যাতনে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার পাথরঘাটা– বামনা– বেতাগীর অবহেলিত মানুষের স্বপ্ন পূরণে দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে বরগুনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী একটি শক্তিশালী ইকোনমিক জোন গড়ে তুলবো। এতে এই অঞ্চলের যুবকদের বেকারত্ব ঘুচবে এবং দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে।
এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই নরসিংদীর বিভিন্ন এলাকায় তাদের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় কার্যালয় ও স্থানীয় ঘোষিত প্রার্থীদের সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
পড়ুন : বরগুনায় দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প ও বিজ্ঞান বিতর্কের উদ্বোধন


