আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্রার্থীদের মধ্যে পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। অন্যদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে দলীয় টিকিট পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দলের নীতিনির্ধারণী সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি আসনে জনপ্রিয়, পরীক্ষিত ও ত্যাগী নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। পিরোজপুর-১ আসনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।”
প্রার্থিতা ঘোষণার পর থেকেই পিরোজপুর-২ ও ৩ নম্বর আসনে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় পর্যায়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।
পড়ুন : পিরোজপুরের জিয়ানগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ


