“আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকার” আহ্বান জানিয়ে এবার আটক হলেন ফরিদপুর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন (৬৭) আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মসজিদ বাড়ী সড়কে অবস্থিত তাঁর শ্বশুর বাড়ী থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত গত ৩ নভেম্বর ফারুক হোসেন “মো. ফারুক হোসেন” নামে নিজ ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজেকে “দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি” দাবি করে লেখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্তর্গত সকল থানা, পৌরসভা, সহযোগী ও ভ্রাতিপ্রতিম সংগঠনসমূহ, আগামী ১৩ তারিখ ঢাকা যাওয়ার জন্য সকলে প্রস্তুত থাকুন। ১০-১১-১২ স্ব-স্ব এলাকায় প্রত্যেকের অবস্থান থেকে , মিছিল করুন। বজ্রকন্ঠে আওয়াজ তুলুন, অবৈধ ট্রাইবুনাল মানি না মানবো না, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। অবৈধ অগণতান্ত্রিক সরকারের পতন হোক পতন হোক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্ট দেওয়ার সাতদিনের মধ্যে আজ সোমবার তাকে আটক করল জেলা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) শামছুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকা থেকে আটক করা হয় ফারুক হোসেন কে। তিনি বলেন, তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন আগে কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। তিনি শহরের হাবেলী গোপালপুর এলাকার বাসিন্দা মৃত মো. জাহিদ হোসেনের ছেলে।
পড়ুন : ফরিদপুরে ফের অবরোধে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ


