সিলেট টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং সাদমান ইসলাম ও মুমিনুল হকের আশির ঘরের ইনিংসে পাওয়া শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আজ বাংলাদেশকে বড় লিড এনে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের জুটি। টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার দলপতি। ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট ইনিংস গড়ে ডিক্লেয়ার করার পর বোলাররা আইরিশদের পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২১৫ রানে পিছিয়ে আয়ারল্যান্ড। দিন শেষে ২৯ ওভারে ৫ উইকেটে ৮৬ রান তুলেছে আইরিশরা। চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৮৭ রান। তাতে ৩০১ রানের লিড পায় টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান।
তৃতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতেই হাসান মুরাদকে হারায় বাংলাদেশ। ম্যাথু হামফ্রেসের বলে ক্যাম্পারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর নাহিদ রানা একটি চার মারলেই বাংলাদেশের লিড ছাড়িয়ে যায় ৩০০ রানে। সঙ্গে সঙ্গেই টাইগার অধিনায়ক শান্ত ইনিংস ঘোষণা করেন।
আয়ারল্যান্ডের হয়ে ৫ উইকেট পেয়েছেন ম্যাথু হামফ্রেস। যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকার। দুই উইকেট পেয়েছেন ব্যারি ম্যাকার্থি।
এদিকে, দেশের মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৫৬০ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই সংগ্রহ পেয়েছিল তারা।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্টে ক্রিকেটে নানা রেকর্ড ভেঙ্গেছে টাইগাররা। টেস্টে এই প্রথম বাংলাদেশের প্রথম চার ব্যাটার অর্ধশতক কিংবা শতকের দেখা পেলেন। এছাড়াও, এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ ব্যাটার অন্তত অর্ধশতকের দেখা পেয়েছে। যা টেস্টে বাংলাদেশের ক্রিকেট পঞ্চমবার দেখল।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

