সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জে ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১), উভয়ই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা।ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে এসআই আব্দুর রহিম গোপন সূত্রে জানতে পারেন যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে, একটি মোটরসাইকেলে থাকা দুইজন পালিয়ে যায়। অপর মোটরসাইকেলটি আটক করে তল্লাশি চালানো হলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। একই সময় মোঃ মামুন মিয়া ও মোঃ উবায়দুলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুইজনের সঙ্গে আরও দুইজন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অভিযান অবৈধ অস্ত্রের চলাচল রোধে বড় ধরনের প্রভাব ফেলবে। ডিবি পুলিশের এই অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ধাপ হিসেবে দেখা হচ্ছে।


