কুমিল্লার তিতাস উপজেলায় বহুল আলোচিত নজরুল হত্যাকাণ্ডের ৯৯ দিন পর অবশেষে মানুষের একটি মাথার খুলি উদ্ধার হয়েছে।
শনিবার( ১৫ নভেম্বর) দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি মাছ ধরতে গিয়ে খাল থেকে খুলিটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল থেকে খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, এটি নিহত নজরুল ইসলামের মাথার খুলি হতে পারে।
পুলিশ জানায়, মজিদপুর বাজারের পূর্ব-উত্তর পাশে কাকিয়াখালি নামক খালের ত্রি-মোহনায় খুলিটি পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন, প্রধান আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সঙ্গে ঘটনাটি মিল রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর নজরুলের মরদেহ ৮ টুকরো করে ৪টি পৃথক প্যাকেটে ফেলা হয়েছিল বলে প্রধান আসামি আদালতে স্বীকারোক্তি দেয়। এর মধ্যে তাৎক্ষণিকভাবে দুইটি প্যাকেট উদ্ধার করা হয়, যেখানে ছিল দুই হাত ও দুই পায়ের অংশ। বাকি দুইটি প্যাকেট উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর এবার একটি মাথার খুলি উদ্ধার হলো। তবে দেহের মূল অংশ এখনো নিখোঁজ।
তিতাস থানা পুলিশ জানায়, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে উদ্ধার হওয়া খুলিটি নজরুলের কি না। তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে অতিরিক্ত অনুসন্ধান চালানো হচ্ছে।
পড়ুন:মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন
দেখুন: মাদারীপুরের ডিসি আফসানা বিলকিসকে পরিবর্তন
ইম/


