বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
রোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকা হাতিয়ার বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাতিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, বাংলাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আর জনগণ নির্বাচনের সে ট্রেনে উঠে পড়েছে। সারাদেশের মাঠে মাঠে রাস্তায় রাস্তায় জনতার যে ঢল নেমেছে, সেটি আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপিকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্যদিয়ে শেষ হবে।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে হাতিয়া দ্বীপের মানুষ অনেক কিছু বঞ্চিত হয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজে ভরে গিয়েছিলো এই জনপদ। আমরা কথা দিচ্ছি আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর হাতিয়ার নানাবিধ উন্নয়নে কাজ করা হবে। হাতিয়ার প্রধান সমস্যা নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করা হবে। এ জনপদের মানুষের দুর্ভোগ লাগোবে আমাদের দল কাজ করবে। হাতিয়া দ্বীপের যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেটি নিয়েও আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। সারাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে তৈরি করা হবে হাতিয়ারকে।
সমাবেশে জেলা বিএনপির সদস্য এ.কে.এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
এসময় হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান’সহ অনান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
পড়ুন: নোয়াখালীতে পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ ঘোষণা
ইম/


