দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জনপ্রিয়, গ্রহণযোগ্য ও মাঠের সংগ্রামী নেতা আলহাজ্ব জাকির হোসেন ধলুকে প্রার্থী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন।
তিনি বলেন, “দিনাজপুর-১ আসনের মাটি ও মানুষের আশা–ভরসার নাম আলহাজ্ব জাকির হোসেন ধলু। তিনি ত্যাগ, জনপ্রিয়তা, নেতৃত্ব এবং মাঠে সংগঠন শক্তিশালী করার যোগ্যতায় অন্যসব প্রতিযোগী থেকে স্পষ্টভাবে এগিয়ে। বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে এই আসনে ধলু ছাড়া বিকল্প নেই।”
তিনি অভিযোগ করে আরও বলেন, বর্তমান ঘোষিত প্রার্থী এলাকার মানুষের সাথে সম্পৃক্ত নন। বছরের অধিকাংশ সময় বিদেশে থাকায় এলাকার রাজনীতি, দলের সংগঠন বা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর কোনো বাস্তব যোগাযোগ নেই। এমন একজন উদাসীন ব্যক্তিত্বকে মনোনয়ন দিলে দিনাজপুর-১ আসনে বিএনপির নিশ্চিত সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, জাকির হোসেন ধলু তৃণমূলের প্রাণ। দুঃসময়েও তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। আন্দোলনে সংগঠনে তাঁর ভূমিকা অগ্রগণ্য। জনগণের কাছে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।
তারা আরও বলেন, “দিনাজপুর-১ আসনে বিএনপিকে বিজয়ী করতে হলে এমন নেতা প্রয়োজন, যিনি সংগঠন জানেন, কর্মী ভালোবাসেন, মানুষের ঘরে ঘরে যাওয়া–আসা করেন। সেই যোগ্যতা, অভিজ্ঞতা ও জনপ্রিয়তা শুধুমাত্র আলহাজ্ব জাকির হোসেন ধলুর মধ্যেই আছে।”
তৃণমূলের নেতাকর্মীরা দলীয় হাইকমান্ডকে উদ্দেশ্য করে বলেন, “এখনো সময় আছে-সরকারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক, মাঠের অক্লান্ত সংগঠক আলহাজ্ব জাকির হোসেন ধলুকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। নইলে সম্ভাবনার এই আসন হারানোর ঝুঁকি থাকবে।”
বক্তব্য শেষে শত শত নেতাকর্মী ধলুকে মনোনয়ন প্রদানের দাবিতে প্রেসক্লাব মাঠে স্লোগান দিতে থাকেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত তৃণমূল নেতাকর্মী। সন্ধ্যার পরে আলহাজ্ব জাকির হোসেন ধলুর পক্ষে বিভিন্ন স্লোগানে একটি মশাল মিছিল বের হয় মহাসড়কে।
পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ
ইম/


