চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি করা সন্ত্রাসী রাকিব ওরফে গুই রাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এসময় তার থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ উদ্ধার করা হয়েছে।
আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে রাকিব একজন শীর্ষ সন্ত্রাসী, তার তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুনসহ মোট ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১–এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে রূপগঞ্জ থানার মাছিমপুর গ্রামে র্যাব-১১ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব ওই গ্রামের মো. সামছুল হকের ছেলে।
রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন লোকমান হোসেন (৩০)। তার কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী গুই রাকিব ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। লোকমান বাধ্য হয়ে ১ লাখ টাকা দেন। পরে গত ১৮ অক্টোবর দুপুরে বাকি ৪ লাখ টাকা দাবি করতে গুই রাকিব মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে এলাকায় আসে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার ডান পায়ে লাগে।। গুরুতর আহত লোকমান হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
র্যাব জানায়, উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আনতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে ১ টি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার রাকিবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- ফুটবল মাঠে হামলায় উত্তাল কেন্দুয়া, মানববন্ধনে চার দফা দাবি


