পঞ্চগড়ে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া হালকা কুয়াশা আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে বাড়ছে শীত।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৭ নভেম্বর) তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। আর শনিবার এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে তেমন শীত অনুভূত হয় না। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পড়ুন : পতিত স্বৈরাচার কোনো দিনই আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


