ক্লাব ফুটবলে লেস্টার সিটির হয়ে এফএ কাপসহ একাধিক ট্রফি জিতেছেন, কিন্তু জাতীয় দলের হয়ে জয় পাওয়া যে-কোনো ফুটবলারের জন্যই সবচেয়ে আনন্দের।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সেই কথাই বললেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি জানালেন, এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে এই জয় পেয়ে। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ।
এর মধ্য দিয়ে ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সর্বশেষ ২০০৩ সালে এই মাঠেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ কাভরেরা এবং হামজা। সেখানে হামজাকে জিজ্ঞেস করা হয়, ভারতের বিপক্ষে এই জয় কি লেস্টারের হয়ে এফএ কাপ জয়ের থেকেও বড়? জবাবে হামজা বলেন,‘হ্যাঁ। এখানে আমরা আজ ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর আর কোথাও এটা সম্ভব নয়। তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।’
পড়ুন: ফুটবল দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
আর/


