সিরাজগঞ্জ পৌর এলাকার এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজে তালা ভেঙে মালামাল লুটপাটের ঘটনায় জড়িত ওয়ার্ড বিএনপির এক নেতার নাম বাদ দিয়ে থানায় করা সাধারণ ডায়েরি (জিডি)তে কারও নাম উল্লেখ না করায় অধ্যক্ষকে ঘিরে দেখা দিয়েছে নতুন করে প্রশ্ন। প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা লুটপাট হলেও রহস্যজনক কারণে নিরব অধ্যক্ষ। অনেকের প্রশ্ন তাহলে কি লুটপাটে জড়িত অধ্যক্ষ রয়েছে নাকি রয়েছে তার যোগসাজশ।
প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান অভিযোগ করেন, গত শনিবার রাতে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন শেখ দলবল নিয়ে স্কুলে প্রবেশ করে প্রায় ৬০০ কেজি লোহার মালামাল নিয়ে যান। তবে এ ঘটনায় থানায় করা জিডিতে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।
নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে মিলন শেখ কয়েকজনকে সঙ্গে নিয়ে স্কুলে আসেন। পরে প্রধান গেটের তালা ভেঙে একটি পিকআপ ভ্যান নিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় মাঠে পড়ে থাকা পুরোনো লোহার পাত, লোহার রড ও রেলের স্লিপারসহ বিভিন্ন মালামাল গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, আমি বাধা দিলে আমাকে বলেন, ‘তুমি ভিতরে যাও, তোমার অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে।
এ ঘটনায় স্কুলের অধ্যক্ষ আশরাফুল ইসলাম থানায় একটি জিডি করেছেন। তবে জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তবে সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি।
নিরাপত্তা প্রহরীর অভিযোগে নির্দিষ্ট ব্যক্তির নাম থাকার পরও জিডিতে কেন নাম দেওয়া হয়নি এমন প্রশ্ন করা হলে অধ্যক্ষ এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।
স্থানীয়দের দাবি, স্কুলটিতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে কোনো ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নতুন এ ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মিলন শেখ বলেন, আমি রাতে একজন শিক্ষককে খুঁজতে স্কুলে গিয়েছিলাম। চুরির ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিরাপত্তা প্রহরীর অভিযোগে নির্দিষ্ট ব্যক্তির নাম থাকলেও জিডিতে কারও নাম উল্লেখ না থাকায় ঘটনার প্রকৃত কারণ ও দায়ীরা কি পার পেয়ে যাবে নাকি পুলিশি তদন্তে প্রকৃত জড়িতদের নাম উঠে আসবে এমন প্রশ্ন এখন স্থানীয়দের।
পড়ুন : সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
সা/


