চলে গেলেন নব্বই দশকের তুমুল হিট সিনেমা ‘বিশ্বপ্রেমিক’ এর প্রযোজক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মাসুদ পারভেজ সোহেল রানার ছেলে অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ।
জানা যায়, শনিবার (২২ নভেম্বর) ভোরে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রযোজক কামাল পারভেজ। তিনি অভিনেতা, প্রযোজক চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের আপন ভাই।
চাচার মৃত্যু প্রসঙ্গে মাশরুর পারভেজ সংবাদমাধ্যমে বলেন, বেশ কিছুদিন ধরেই চাচ্চু অসুস্থ। গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিউতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
উত্তরায় বাদ জোহর জানাজা সম্পন্ন হয়েছে কামাল পারভেজের। পরিবারসূত্রে জানা গেছে, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
পাঁচ ভাইয়ের মধ্যে কামাল পারভেজ ছিলেন তৃতীয়। তার উল্লেখযোগ্য প্রযোজিত সিনেমা হলো ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘চারদিকে অন্ধকার’সহ বেশ কয়েকটি সিনেমা। এরমধ্যে ‘বীরপুরুষ’ সিনেমায় সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ, তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

