২০২২ সালের একটি মাদক মামলায় পিরোজপুরের জেলা জজ আদালত একই পরিবারের তিন জনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। ওই মামলায় দন্ডপ্রাপ্ত জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মোঃ খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
একই মামলায় আদালত শারমীন আক্তারের ছেলে মোঃ মেহেদী হাসান মুন্না (১৯)কে ১ বছর ৯ মাস কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেয়ে ইকতার জাহান তিশা (২২) কে ১ বছর ৬ মাস কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দেন । মামলায় অপর ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬) কে খালাস প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান আসামীদের উপস্থিতিতে ওই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পিরোজপুর জেলা পরিদর্শক মো: বদরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২ ফেব্রুয়ারী রাত সাড়ে আটটার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে আসামীদের বাড়ীতে অভিযান চালায়। এ সময়ে আসামীদের কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের ৪ জনের বিরুদ্ধে মো: বদরুল বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ৩ জনকে দোষী সাব্যস্ত করে ওই রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।
পড়ুন: খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
দেখুন: খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
ইম/


