‘দেশিজাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহারিয়ার মান্নান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তানভীর আহমেদ বলেন, “প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও খামার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রদর্শনী খামারিদের হাতে-কলমে জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে ডা. শাহারিয়ার মান্নান বলেন,
“জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, গবাদিপশুর স্বাস্থ্যসেবা এবং উন্নত জাতের বিস্তারে এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক পদ্ধতি ব্যবহার করে খামারিরা যাতে আরও লাভবান হতে পারে-প্রাণিসম্পদ দপ্তর সে লক্ষ্যেই কাজ করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি অফিসার মোছা. আসিকা আকবর তিশা, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাউসার, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মন্ডল, সমবায় কর্মকর্তা আহাদ আলী মন্ডল এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হায়দার আলী।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত দুধ, ডিম, মাংস, পোল্ট্রি পণ্য, গবাদিপশু এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। দিনব্যাপী প্রদর্শনী দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


