দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন।
স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, ভূমিকম্পের পর থেকেই উদ্ধারকারীরা নিরবচ্ছিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে জরুরি মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
প্রাথমিক হিসাবে দেখা গেছে, ভূমিকম্পে মোট ৮৮৫টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।
উত্তর ভেনেজুয়েলার দুর্গত এলাকায় দেশটির প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৩ হাজার ৩০০ জনের বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ভেনেজুয়েলা সরকার নিজস্ব প্রায় ৩০ হাজার কর্মী ও উদ্ধারকারী মোতায়েন করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার প্রথম ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে ২৩ কিলোমিটার (১৪ দশমিক ৩ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে। এরপর ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপ শহর থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার (১৪ দশমিক ৯ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।
যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় আরও জানায়, প্রধান দুটি ভূমিকম্পের পর এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৮৯০টি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে, যা উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
পড়ুন: ঘানার স্বপ্নভঙ্গ, শেষ ষোলোতে কলম্বিয়া
আর/


