জামালপুর জেলা কারাগারে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষে পাগলা হযরত (২৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা কারাগারের জেলার লিপি রানি সাহা।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হযরত। নিহত হযরত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং–১৪, জিআর মামলা নং–২৪২ (২)-২৫ এর আসামি ছিলেন।
কারাগার কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে অপর হাজতি মো. রহিদুর মিয়া (৪০)-র সঙ্গে হযরতের তর্কাতর্কি ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে হযরতের মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
জেলার লিপি রানি সাহা জানান, নিহত হযরতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া এখনও জামালপুর জেলা কারাগারেই রয়েছে।
পড়ুন-আঞ্চলিক মহাসড়কে জমি দখল করে দোকান নির্মানের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
দেখুন- ভেজাল গুড়ে সয়লাব বাজার, খেজুরের গুড়ের নামে খাচ্ছেন কী?


