ভোজ্যতেলের দাম হঠাৎ লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী মহল, তার আইনগত ভিত্তি নেই এবং এ ব্যাপারে সরকারের কোনো সম্মতিও নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বুধবার (৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তেলের দাম বাড়াতে ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সম্মতি নিয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা কোনো সম্মতি দেয়নি। তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা এখন আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক করেছি। বৈঠক শেষে এ বিষয়ে আমাদের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবো। সব কোম্পানি একত্রিত হয়ে তেলের দাম বাড়িয়েছে।”
এখন সরকার কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে তিনি বলেন, “আমরা আলোচনা করে কর্মপন্থা ঠিক করবো। তারা যে কর্মকাণ্ড করেছে, তার কোনো আইনগত ভিত্তি নেই।”
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “গতকালও ক্রয় কমিটিতে পঞ্চাশ লাখ লিটার সয়াবিন তেল এবং এক কোটি লিটার রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দিয়েছি। যেহেতু এসব তেল কমদামে কিনতে পারছি, তাহলে বাজারে এত বেশি দামে কেন বিক্রি হবে? এর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।”
পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা
আর/


