তারুণ্যের প্রথম ভোট নারীদের জন্য সুগম হোক স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকাল দশটায় শহরের এনএস রোডের পাবলিক লাইব্রেরি চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এবং সুশিল প্রজেক্ট হাব কুষ্টিয়া জেলা শাখা। সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ।
মানববন্ধনে বক্তারা বলেন,নারীদের প্রথমবারের মতো ভোট দেওয়ার অধিকার ও সুযোগ নিশ্চিত করা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে গ্রামীণ তরুণী ও নবীন নারী ভোটাররা বিভিন্ন সামাজিক, পারিবারিক ও নিরাপত্তাজনিত প্রতিবন্ধকতার মুখোমুখি হন যা দূর করা জরুরি।
বক্তারা আরও বলেন, বিগত সময়ে অনেক নারীই ভোট দিতে পারেননি। এবার নতুন যুক্ত হওয়া তরুণ ভোটারদের মধ্যে বিপুল সংখ্যক নারী রয়েছেন, যারা প্রথমবার ভোট দেবেন। তাই তাদের ইচ্ছা ও স্বাধীনভাবে ভোট প্রদান নিশ্চিত করতে হবে পূর্ণ নিরাপত্তা, স্বাধীনতা ও সহযোগিতা। নির্বাচনকালীন সময়ে নারী ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, ভোটকেন্দ্রে আলাদা সহায়তা ডেস্ক স্থাপন এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করলে নারী ভোটাধিকার আরও সুগম হবে।
এর আগে সকাল দশটায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন—মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম, সুশিল প্রজেক্ট হাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, হাব জেলা কমিটির সদস্য ও মানবাধিকার কর্মী আব্দুর রাজ্জাক, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার জায়েদুল হক মতিন প্রমুখ।
পড়ুন: আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, কোন আসনে কে?
আর/


