ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির (৩৩) ওপর হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল করার জন্য নীলনকশা অনুযায়ী কাজ করছে একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
তিনি বলেন, এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে আহত করা হয়েছে। এসব দুষ্কৃতকারী কারা, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি মনে করে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সই করা বিবৃতিতে বলা হয়, দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে। ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে। শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।
ওসমান হাদির ঘটনার পরপর প্রতিবাদ ও নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে যান হাদির আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মির্জা আব্বাস।
প্রাথমিক আলাপে বিএনপির নেতারা জানান, তারা ঘটনার গভীরতা বুঝার চেষ্টা করছেন। নিজেদের নিরাপত্তা নিয়েও তাদের আশঙ্কা তৈরি হয়েছে।
বিএনপির বিবৃতিতে বলা হয়, নাশকতাকারিদের অন্তর্ঘাতমূলক কাজের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের পথচলাকে রুদ্ধ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাই এসব নাশকতাকারি সন্ত্রাসীদে কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা মাথাচাঁড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।
শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী দুস্কৃতকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া গুরুতর আহত শরিফ ওসমান হাদির সুস্থতা কামনা করছে দলটি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

