জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার, কম্বল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূইয়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ড, নদীভাঙন ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারের মাঝে মোট ৭৪ বান্ডিল ঢেউটিন এবং ২ লাখ ২২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর চোখে-মুখে তৃপ্তির ঝিলিক দেখা যায়। তারা সরকারের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো সরকারের একটি নিয়মিত কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
পড়ুন- ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক গৃহবধূর
দেখুন- অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যা বললেন ইনকিলাব মঞ্চের নেতারা


