29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাদিকে গুলি: যেভাবে ঢাকা ত্যাগ করে শুটার ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে মাইক্রোবাস ভাড়া করে পালাতে সহায়তা করা মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নুরুজ্জামান নোমানীর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

রিমান্ড শুনানিতে মো. নুরুজ্জামান নোমানী জানান, হাদিকে হত্যাচেষ্টার মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ১২ ডিসেম্বর ঘটনার দিন একটি প্রাইভেট কার ভাড়া করেন। ওই গাড়ির চালককে তিনি তিন দফায় তিনটি ভিন্ন স্থানে আসতে বলেন। প্রথমে ঢাকার মৎস্য ভবনের সামনে গাড়িটি আসতে বলা হয়। পরে জুমার নামাজের পর আগারগাঁওয়ের বিএনপি বাজারে যেতে বলা হয়। সর্বশেষ ধামরাই উপজেলার কালামপুরে গাড়িটি পাঠাতে বলা হয়। সেখান থেকে গাড়িতে উঠে ফয়সাল ময়মনসিংহে যান।

গাড়ি ভাড়ার সূত্র ধরেই ফয়সাল করিম মাসুদের সঙ্গে তার পরিচয় হয় বলে দাবি করেন নুরুজ্জামান নোমানী। তিনি বলেন, গত তিন মাসে ফয়সালের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি গাড়ি ভাড়া নিতেন।

নুরুজ্জামান আরও বলেন, “নয় মাস আগে থেকে গাড়ি ভাড়ার সূত্রে অনলাইনে, হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে যোগাযোগ হয়। আমি তো শুধু ভাড়া দিয়েছি। কিন্তু তিনি কী করছিলেন, তা আমি জানতাম না।”

হাদিকে হত্যাচেষ্টার দিন ফয়সাল পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া নিতে চান বলে জানান নুরুজ্জামান। তিনি বলেন, সেদিন তার সব গাড়ি ট্রিপে থাকায় প্রথমে তিনি ফয়সালকে না করেছিলেন। পরে বন্ধুর গাড়ির ব্যবস্থা করে দেন।

নুরুজ্জামান জানান, ফয়সাল প্রথমে গাড়িটি মৎস্য ভবনের সামনে পাঠাতে বলেন। সেখানে পাঠানোর পর ফয়সাল জানান, তিনি সেখানে যাবেন না এবং জুমার নামাজের পর বিএনপি বাজারের সামনে গাড়িটি পাঠাতে বলেন। পরে বিএনপি বাজারে পৌঁছালে ফয়সাল বলেন, তিনি সেখানে থাকবেন না এবং গাড়িটি কালামপুরে পাঠাতে বলেন। এরপর নুরুজ্জামান চালক সুমনকে ফোন করে কালামপুরে যেতে নির্দেশ দেন।

শুনানিকালে বিচারক নুরুজ্জামানকে জিজ্ঞেস করেন, তিনি চালককে চেনেন কি না। উত্তরে নুরুজ্জামান বলেন, “জি।” বিচারক আবার জানতে চান, চালক কোথায় আছেন। নুরুজ্জামান জানান, তাকেও আটক করা হয়েছে এবং তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

পড়ুন: ২৬ জন গুম: ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন