ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে হাদি হত্যাকাণ্ডের দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ আহ্বান জানায় সংস্থাটি।
ওই পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তী সরকারকে মৃত্যুদণ্ড ছাড়াই সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দোষীদের ন্যায্যবিচারের আওতায় আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মারা যান তিনি।
পড়ুন: একের পর এক মিছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ে
আর/


