জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ৫ দিনব্যাপী ১৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ক্যাডেটদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনের পর ক্যাডেটদের অংশগ্রহণে এক আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজ অ্যাডজুটেন্ট মেজর মাজাজেবিন খান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোকছেদুল ইসলাম রাজা এবং কলেজের অন্যান্য কর্মকর্তা ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় তিনটি হাউসের মোট ৩০০ জন ক্যাডেট অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি ছোট ও বড়- এই দুই গ্রুপে বিভক্ত। মোট ২৫টি ইভেন্টের মধ্যে ১২টি ফিল্ড ইভেন্ট এবং ১৩টি ট্র্যাক ইভেন্ট রয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পড়ুন- ৮ দফা দাবিতে ফরিদপুরে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ও শাটডাউন


