চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। আহতদের মধ্যে প্রণয় কর্মকার (২১) রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা রিয়াদ ও রিগেন চক্রবর্তী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও চারজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে হেফাজতে নেয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর সত্তার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে প্রণয় কর্মকারসহ আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পড়ুন : হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ


