ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেঁকে বসেছে শীত। শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল, বয়স্ক মানুষ ও শিশুরা। শীতজনিত কষ্ট লাঘব করতে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গভীর রাতে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুন খান।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে রাতে রাস্তাঘাট, ফুটপাত ও খোলা জায়গায় অবস্থানরত দুস্থ মানুষের খোঁজখবর নেন ইউএনও। পরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি। শীতের এই কঠিন সময়ে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অসহায় মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।
এ সময় ইউএনও মোঃ মামুন খান বলেন, “শীত যতদিন থাকবে, ততদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু। তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
উপকারভোগী শীতার্ত মানুষ উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং এমন সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পড়ুন- বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেখুন- মৌলভীবাজারে শীতের তীব্রতা, দিনাজপুরে উঠেছে সূর্যের আলো


