ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছেলে তথা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
পিতার মৃত্যুসংবাদ জানিয়ে তানভীর আহমেদ রবিন তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমার আব্বুর নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।”
এদিকে সাবেক এই সংসদ সদস্যের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন “সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
দেশ ও দলের প্রতি তাঁর ত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন “বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।”
পাশাপাশি প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে ধৈর্য ও শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর শোকবার্তা ও মূল্যায়ন:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাঁর শোকবার্তায় মরহুমের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানিয়ে বলেন, “আলহাজ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের পৃথিবী থেকে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক।”
মরহুমের রাজনৈতিক আদর্শ ও গুণাবলির কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুম আলহাজ সালাহউদ্দিন আহমেদ। রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনসম্পৃক্ত এবং দলীয় নীতি ও আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি। গণতন্ত্রের প্রতি তার ছিল অবিচল আস্থা।”
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে রাখা অবদানের কারণে তিনি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁকে একজন বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলিসম্পন্ন গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে অভিহিত করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের জন্য ধৈর্য প্রার্থনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সালাহউদ্দিন আহমেদ রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির অন্যতম প্রভাবশালী কাণ্ডারি ছিলেন। তিনি ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর বাইরে ১৯৯৬ সালের জুনের সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন তিনি। এর মধ্যে ২০০৮ সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা-৫ আসন থেকে, যেখানে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার কাছে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালে পুনরায় ঢাকা-৪ আসন থেকে বিএনপির টিকিট পান এবং নির্বাচনী প্রচারণার সময় তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছিল।
মৃত্যুর আগপর্যন্ত তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কিছুদিন যাবত অসুস্থ থাকা এই বর্ষীয়ান নেতা আইনি জটিলতার মুখোমুখিও হয়েছিলেন। ২০১৫ সালে রাজনৈতিক কর্মসূচির সময় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ওয়ারী থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। এতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।
পড়ুন : ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কলঙ্ক নিতে রাজি নয় সরকার’


