দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় একযোগে ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনি সরঞ্জাম পৌঁছাতে দেরি হওয়ায় অন্তত ৭টি বিভাগে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বাংলা, রসায়ন, গণিত, মনোবিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং ড্রয়িং, প্রিন্ট মেকিং ও নকশা বিভাগে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
তথ্য অনুযায়ী, গণিত বিভাগে ৯টা ২০ মিনিট, রসায়ন বিভাগে ৯টা ২০ মিনিট, ড্রয়িং ও প্রিন্ট বিভাগে ৯টা ১৫, মনোবিজ্ঞান বিভাগে ৯টা ২৩ এবং ম্যানেজমেন্ট বিভাগে ৯টা ১৫ মিনিটে ভোট শুরু হয়। সবচেয়ে বেশি দেরি হয়েছে বাংলা বিভাগে, যেখানে দুটি বুথে যথাক্রমে ৯টা ৩৫ এবং ৯টা ৪৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়।
বাংলা বিভাগ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ড. গালিব দেরির কারণ হিসাবে জানান, এক কেন্দ্রের নির্বাচনি সরঞ্জাম ভুলবশত অন্য কেন্দ্রে চলে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। তবে সকালের দিকে ভোটারের চাপ কম থাকায় বড় ধরনের সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন।
পড়ুন: কারসাজি করে এলপিজির দাম বাড়ানো হয়েছে: জ্বালানি উপদেষ্টা
আর/


