তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী দরিদ্র ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ লাঘবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৩০০ জন অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া সীমান্ত এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন।
এ সময় কর্ণেল সৈয়দ কামাল হোসেন বলেন, “তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সীমান্তবর্তী এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই বিজিবির পক্ষ থেকে এসব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শীতকালসহ বিভিন্ন দুর্যোগে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
এদিকে কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায় ও দুস্থ মানুষেরা। তারা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
পড়ুন- সোনারগাঁয়ে শীতার্তদের পাশে কবির হোসেন মৃধা ফাউন্ডেশ
দেখুন- আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন বিরোধী লিফলেট নিয়ে চাঞ্চল্য


