বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
এর আগে বিকাল থেকে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেসময় উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন। তিনিই এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। যার জীবনটাই সংগ্রামী। সংগ্রাম করতে করতে এই বাংলাদেশের মানুষের জন্য বিনা কারণে অন্যায়ভাবে জেলখানায় পাঠিয়ে নির্যাতন করা হয়েছে। যার নির্যাতনের কথা মৃত্যুর আগ পর্যন্ত বলেননি। তাকে নির্যাতন করে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে।


