জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চাঁপাইনবাবগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো. হারুনুর রশীদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রায় দেড় হাজারের বেশি সংখ্যালঘু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বৈষব সংঘের প্রতিষ্ঠাতা শ্যাম কিশোর দাস।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন,
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ সমান মর্যাদা নিয়ে বসবাস করবে এটাই আমাদের রাজনীতির মূল দর্শন।
সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও উন্নয়নে বিএনপি অতীতেও দায়িত্বশীল ছিল, ভবিষ্যতেও আরও শক্ত অবস্থান নেবে।
তিনি বলেন, এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের উন্নয়নে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে সমন্বিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি অর্জুন চৌধুরী, কালিনগর হাটপাড়া মন্দিরের সম্পাদক বিধান কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব তরুণ কুমার সাহা, কল্পনা মূরমু, শ্রী রাজন হরিজন, অপূর্ব সরকারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় স্থাপনা রক্ষা এবং সামাজিক বৈষম্য দূর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের মতামত গ্রহণ ও ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরলে হারুনুর রশীদ তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সভায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


