রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার অগ্রগতির আভাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান দুই বেঞ্চমার্কের দরই ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং ইরান যুদ্ধ আর বিস্তৃত না হওয়ার প্রত্যাশাই মূলত তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি করেছে। এ প্রসঙ্গে নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠকের আগে ইরান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও কমেছে।”
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটেও এর কিছু ইতিবাচক ইঙ্গিত মিলেছে। বুধবার আবুধাবিতে দুই দিনের শান্তি আলোচনা শেষে রাশিয়া ও ইউক্রেন বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মত হয়েছে; যদিও ভূখণ্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মতপার্থক্য এখনো কাটেনি। অন্যদিকে, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য অংশও দেশটির বাইরে যেতে দেওয়া হবে না।
দরপতনের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪১ মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯১ দশমিক ৬২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ০৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়ায় ৮৫ দশমিক ৪৯ ডলারে। এর আগে মঙ্গলবার তেলের দর দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছালেও, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
তবে ভূ-রাজনৈতিক আশাবাদের পাশাপাশি সরবরাহ ও মজুদের তথ্যও বাজারে প্রভাব ফেলছে। বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির ফলে গত অক্টোবরে ওপেক প্লাসের অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে এবং গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৯০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও বিশ্লেষকেরা মনে করছেন, হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা বহাল থাকায় বিশ্ববাজারে তেলের বড় ধরনের দরপতনের সুযোগ এখনো সীমিত।
পড়ুন : হরমুজ প্রণালির আগের অবস্থায় ফেরার সুযোগ নেই: ইরান
সা/


