১১/০২/২০২৬, ১৫:৩১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৫:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আমির হামজার বিরু‌দ্ধে ছাত্রদল নেতার মানহা‌নি মামলা

কুষ্টিয়া-৩(সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ছাত্রদলের এক নেতা। রোববার দুপুরে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল আদালতের ইসলামী বিশ^বিদ্যালয় আমলী আদালতে এক আইনজীবীর মাধ্যমে এই মামলার আবেদন করা হয়।

মামলার বাদীর নাম সোলাইমান চৌধুরী শিহাব। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক। তার বাড়ি গাজীপুর জেলাতে। সোলাইমানের আইনজীবী ছিলেন কুষ্টিয়া আদালতের আইনজীবী আবদুল মজিদ। আবদুল মজিদের সঙ্গে ছিলেন আইনজীবী হাফিজুল ইসলাম ও নুরুল ইসলাম।

যোগাযোগ করা হলে আইনজীবী আবদুল মজিদ বলেন,‘দুপুরে আদালত মামলার আবেদন জমা দেওয়া হয়। মামলাটি আদালত আমলে নিয়েছেন। শুনানী হয়েছে। আদালতের পেশকারের মাধ্যমে পরে জেনেছি আগামী ১ ফেব্রুয়ারি শুনানীর আদেশের দিন ধার্য্য করা হয়েছে।’

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদানকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাবাসের প্রসঙ্গ টেনে বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা স্পষ্টতই মানহানিকর।

অভিযোগে আরও বলা হয়, এসব বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এর ফলে তাঁদের পরিবারবর্গ, শুভানুধ্যায়ী এবং দেশের জাতীয়তাবাদী কর্মী-সমর্থকদের মধ্যে সামাজিক অপমান ও মানসিক ক্ষতির সৃষ্টি হয়েছে। গত ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় বাদী অবস্থানকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও দেখেন ও শোনেন। আসামি ইচ্ছাকৃতভাবে ও বিদ্বেষপ্রসূত মনোভাব থেকে এ ধরনের বক্তব্য দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার আবেদনে বাংলাদেশ দন্ডবিধি, ১৮৬০-এর ধারা ৫০০/৫০১/৫০৬ অনুযায়ী অভিযোগ আমলে গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেপ্তারী পরোয়ানা জারির জন্য আদালতের কাছে প্রার্থনা জানানো হয়েছে। যোগাযোগ করা হলে মামলার বাদী সোলাইমান চৌধুরী শিহাব বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আদালতে একটি ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছি। আদালতের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন,‘আমি স্পষ্টভাবে বলতে চাই এটি কোনো ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসার মামলা নয়। মরহুম ব্যক্তি, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একটি সম্মানিত পরিবারের বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সমাজে শালীনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আমি আইনানুগ পথ অবলম্বন করেছি।’

রাতে যোগাযোগ করা হলে কুষ্টিয়া-৩(সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজা বলেন,‘মামলার আবেদনের বিষয়টি জেনেছি। আমি বিকেলে আদালতেই ছিলাম। যতটুকু জানি এই মামলার কোন ভিত্তি নাই। মানহানি হলে ওই পরিবারের কেউ মামলা করতে পারে। তারেক রহমান সাহেব বা তার স্ত্রী বা তার মরহুম ভাইয়ের স্ত্রী মামলা করতে পারেন। তারাতো করেননি। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই সব কিছু দেখা হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : কু‌ষ্টিয়ায় ৬ জন প্রার্থীর ম‌নোনয়ন বা‌তিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন