অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, ভোটের মাধ্যমেই দেশের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হয়। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের পথ সুগম হবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার দোগাছি পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন এবং জয়পুরহাট থানার পরিদর্শক নাজমুল কাদির প্রমুখ।
মুক্তিযুদ্ধবিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নিতে আসন্ন নির্বাচনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন।
তিনি আরও জানান, ভোটের দিন কেন্দ্রে দুটি ব্যালট পেপার থাকবে- জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার। শান্তিপূর্ণ পরিবেশে শৃঙ্খলা মেনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জয়পুরহাটে মতবিনিময় সভা


