আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।
ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সই করা চিঠিতে বলা হয়, আগামীকাল (মঙ্গলবার) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যেই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আর ২২ জানুয়ারি প্রচারণা শুরু হবে। প্রতীক বরাদ্দের পর থেকে দেশ এবং দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটারগণ ভোট দিতে পারবেন।
পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি


