চরফ্যাশনে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার জাহানপুর কারামাতিয়া দাখিলা মাদ্রাসার মাঠে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অন্বেষণ ব্লাড গ্রুপের উদ্যোগে দিনব্যাপী এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। এতে এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
কর্মসূচিতে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ও ইন্টার্নসহ মোট ৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। তারা অসংখ্য রোগীকে সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি প্রায় দুই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যের ওষুধ গ্রহণ করেন। এছাড়া চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জাহানপুর নাগরিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মহিববুল্লাহ।
এ সময় তিনি বলেন, “প্রান্তিক ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজার মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে উপস্থিত থেকে সহযোগিতা করেন। এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন: ভৈরব নদে দ্বিতীয় সেতুসহ উন্নয়নের রূপরেখা ঘোষণা করলেন আজিজুল বারী হেলাল
দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |
ইম/


