মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম আমেনা আক্তার (৩২)। তিনি ঢাকা জেলার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে বলে জানা গেছে।
গজারিয়া থানা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কাদের ভূঁইয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘পাঁচমিশালি’ নামের একটি রেস্টুরেন্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় ওই স্থানে অবস্থানরত আমেনা আক্তারের গতিবিধি সন্দেহজনক মনে হলে একজন নারী পুলিশের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার ভ্যানিটি ব্যাগ থেকে একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এদিকে পুলিশের হাতে আটক আমেনা আক্তার দাবি করেন, তিনি অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত নন। তার ভাষ্য অনুযায়ী, প্রাক্তন স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যেই তিনি অস্ত্রটি ক্রয় করেছিলেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার অস্ত্র আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন : মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০


