বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন বলেছেন, দীর্ঘদিনের অবহেলায় পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নই তার রাজনীতির প্রধান অঙ্গীকার।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার এলেও চরাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার প্রকৃত সমাধান হয়নি। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার থেকে চরবাসীরা আজও বঞ্চিত।
রোববার (০১ ফেব্রুয়ারী) শরীয়তপুরের সখিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল কাচিকাটায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান কিরন বলেন, “চরাঞ্চলের মানুষ বছরের পর বছর নদীভাঙন, যোগাযোগ বিচ্ছিন্নতা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মানুষগুলো কেবল নির্বাচনের সময়ই রাজনীতিবিদদের কাছে গুরুত্ব পায়। আমি সেই রাজনীতির পরিবর্তন চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে চরাঞ্চলের মানুষের জন্য একটি দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে—নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, দুর্গম চরাঞ্চলে সড়ক ও নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।
কিরন বলেন, “চরবাসীর সন্তানরা যেন চিকিৎসার অভাবে মারা না যায়, শিক্ষার অভাবে পিছিয়ে না পড়ে—সেই নিশ্চয়তা আমি দিতে চাই। চরাঞ্চলের মানুষকে আর দয়া নয়, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলেই প্রকৃত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চরাঞ্চলের গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে শফিকুর রহমান কিরন স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন।
পড়ুন- পাবনায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন


