বিজ্ঞাপন

যে ৯টি আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯টি আসনের ব্যালটে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ থাকছে না। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দীর্ঘদিনের মিত্র দলগুলোকে আটটি আসন ছেড়ে দিয়েছে দলটি। আর ঋণ খেলাপের দায়ে একটি আসনের প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত। তাই এসব আসনে ব্যালটে ধানের শীষ প্রতীক থাকবে না।

বিএনপির সূত্র বলছে, দেশের ৩০০টি আসনের মধ্যে মিত্র পাঁচটি দলকে আটটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপি ও গণ অধিকার পরিষদকে একটি করে আসন ছেড়ে দেওয়া হয়েছে। এসব দলের প্রার্থীরা তাঁদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন।

পাশাপাশি ঋণ খেলাপের দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করেছেন আদালত। ফলে এই আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় ধানের শীষ প্রতীক থাকছে না।

জোট শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীক নিয়ে নির্বাচন করছে। এর মধ্যে সিলেট-৫ আসনে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। নীলফামারী-১ আসনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি নির্বাচন করছেন মাথাল প্রতীক নিয়ে। ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তাঁর দলের কোদাল প্রতীকে, পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পাশাপাশি ভোলা–১ আসন থেকে গরুর গাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এসব আসনের ব্যালটে ধানের শীষ প্রতীক থাকবে না।

বিজ্ঞাপন

পড়ুন : ভোটার মাইগ্রেশনে কোনো নীল নকশা আছে কি না, উদঘাটনের দাবি বিএনপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন