প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার তিন সন্তান—টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীসহ মোট ২২ জনের রায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করবেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই দুই মামলার রায় ঘোষণা করবেন।
এর আগে দুদকের করা আরও চারটি মামলার বিচার শেষে শেখ হাসিনার ২৬ বছর, সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছর, সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার পৃথক দুটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে আজমিনা হক সিদ্দিক রূপন্তীসহ ১৬ জন এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
তদন্ত শেষে ওই বছরের ১০ মার্চ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র জমা দেয় দুদক।
পরবর্তীকালে একই বছরের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের মামলার রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। পরে ১৮ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে ববিসহ ১৮ জনের মামলার রায়ের জন্যও ২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়।
দুই মামলায় অন্তর্ভুক্ত আসামিরা হলেন— মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন এবং সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.)।
এছাড়া আজমিনা হক সিদ্দিক রূপন্তীর সঙ্গে অপর মামলার আসামিরা হলেন—রাজউকের সাবেক পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. অলিউল্লাহ এবং সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম।
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সঙ্গে অপর মামলার আসামিরা হলেন—জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম এবং সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা।
পড়ুন : ‘জঙ্গি নাটকে’ হত্যা: হাসিনা-কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


