জামালপুরে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
সোমবার রাত সাড়ে ৭টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহা সড়কের শরিফপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় গ্রাহকরা। এ সময় তারা দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এতে তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছেন না। পাশাপাশি সেচ, ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন ব্যাহত হওয়ায় গ্রামীণ অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. সাহিদুল ইসলাম জানান, জেলায় প্রতিদিন প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে মাত্র ৬৫ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৬৫ শতাংশ লোডশেডিং করতে হচ্ছে।
বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন ভুক্তভোগী গ্রাহকরা।
পড়ুন : নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন ও মৎস্য নিধন বিরোধী অভিযান


