গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে একটি ঘটনার ভুল ও বিভ্রান্তিকর উপস্থাপনার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জামায়াত।
গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগরীর উদ্যোগে একটি বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা চলাকালীন দুপুরের দিকে রেললাইন সংলগ্ন এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় রেল অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনরত কিছু শিক্ষার্থীর সঙ্গে ট্রেনযাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
তবে ৭১ টিভি তাদের ফেসবুক পেইজে প্রকাশিত এক খবরে উক্ত ঘটনাটিকে “জামায়াত-শিবিরের সাথে ট্রেন যাত্রীদের সংঘর্ষ” হিসেবে উপস্থাপন করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জামায়াত নেতৃবৃন্দ।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন ও জেলা জামায়াতের আমীর ড মো জাহাঙ্গীর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, “ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। যাচাই-বাছাই ছাড়া একটি জাতীয় পর্যায়ের গণমাধ্যমের এমন দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন চরম অপ-সাংবাদিকতার উদাহরণ।”
বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ জনমনে ভুল ধারণা সৃষ্টি করে এবং রাজনৈতিকভাবে একটি মহলকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা হিসেবে ব্যবহৃত হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নেতৃবৃন্দ অবিলম্বে ৭১ টিভিকে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার আহ্বান জানান।


