রমজান মাসে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সেহরি ও ইফতারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর সদর উপজেলায় ৫০০ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ফুড প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বলেন, রমজান মাসে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য সেহরি ও ইফতারের খাদ্য সহায়তা একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব, যেখানে দোস্ত এইডের মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, রমজানকে কেন্দ্র করে দোস্ত এইড দেশব্যাপী প্রায় ২০ হাজার ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ, এক লক্ষ মানুষের জন্য ইফতার আয়োজন, সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ পোশাক বিতরণ এবং যাকাতভিত্তিক বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রতিটি ফ্যামিলি ফুড প্যাকেটে ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি লবণ ও ১ কেজি মুড়ি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া শিশুদের জন্য ললিপপ ও বিস্কুটও দেওয়া হয়। প্রায় ৫২ কেজি ওজনের এসব খাদ্যসামগ্রী একটি পরিবারের পুরো রমজান মাসের সেহরি ও ইফতারের চাহিদা মেটাতে সহায়ক হবে বলে জানান আয়োজকরা।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, একাউন্টস ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও সংশ্লিষ্ট দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, দুর্যোগকালীন ত্রাণ ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
পড়ুন:খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প
দেখুন: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড
ইম/


