ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এবার প্রথমবারের মতো কারাবন্দিরা ভোট দেওয়ার সুযোগ পেলেন। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশেষভাবে ৩৯ জন হাই-প্রোফাইল বন্দি ভোট দিতে নিবন্ধন করেছিলেন। এদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনাইদ আহমেদ পলক। এছাড়া ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তা ভিআইপি তালিকায় আছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৫,৯৯০ জন বন্দির মধ্যে এ পর্যন্ত ৪,০৬৭ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) শেষ দিনে বাকি ১,৯২৩ জন ভোট দেবেন। নির্ধারিত সময়ের মধ্যে না দিলে ভোটাধিকার বাতিল হবে।
ভোট প্রক্রিয়ায় প্রতিটি নিবন্ধিত বন্দিকে একটি প্যাকেটে তিনটি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে ব্যালট পেপার ও ‘হ্যাঁ’ বা ‘না’ সম্বলিত পৃথক ব্যালট রয়েছে। বন্দিরা খামগুলো আঠা দিয়ে কারা কর্তৃপক্ষের কাছে জমা দিচ্ছেন, যা ডাক বিভাগের মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন পরে সাধারণ ভোটের সঙ্গে এই পোস্টাল ব্যালটগুলো গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোট প্রদানের প্রথম চার দিনে যথাক্রমে ১,৫২১, ৯৮৮, ১,১৩৮ ও ৪২০ জন বন্দি ভোট দিয়েছেন।
পড়ুন: জামায়াত আমিরের পক্ষে ভোট চেয়ে ঢাকায় বিশাল নারী মিছিল
আর/


