ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন,আমাদের দুর্ভাগ্য যে নির্বাচনে এমন একটি দলকে প্রতিযোগী হিসেবে পেয়েছি, যে দলটি আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এই দলটির কাছে ১৯৭১ সালে মা বোনদের সম্মান ও মর্যাদা ছিলো না। এ দলটি মুখে বলে তারা সৎ লোকের শাসন চায়, অন্যদিকে জাল ভোট দেওয়ার এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছে। এরা একদিকে সৎ লোকের শাসন চায়, অন্যদিকে অবৈধভাবে জিততে চায়। এ দলটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাধাগ্রস্ত করতে নানান ষড়যন্ত্র করছে, এদের অবৈধ কর্মকান্ড দেখলে আপনারা তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চরফ্যাশন সরকারী টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরফ্যাশন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল এর সভাপতিত্বে বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফায় প্রতিটি নাগরিকের অধিকারের কথা বলেছেন। বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হলে তারেক রহমান মানুষের সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বানাবে। বিগত ১৬ বছর আমরা ভোটের অধিকারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু একটি দল ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। এদেরকে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিবেন ।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এম,পি এডভোকেট বিলকিস জাহান শিরিন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজী প্রমুখ।
সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা,কর্মী ও সমর্থক মিছিল সহকারে অংশ গ্রহন করেন।
পড়ুন : চরফ্যাশনে জনসভায় আসার পথে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


