ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট-১ আসনের বিএনপি মাওলানা খন্দকার আব্দুল মুক্তাদীর ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট নগরীর কিনব্রিজ এলাকার শারদা হল কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভোটগ্রহণে কোনো বাধা বা কোনো অনিয়মের অভিযোগ পাননি। তবে কয়েকটি কেন্দ্র থেকে নারী ভোটগ্রহণে ধীর গতির বিষয়টি তার নজরে এসেছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ভোট শুরুর পর অল্প সময় পার হলেও বিভিন্ন কেন্দ্র থেকে এমন পর্যবেক্ষণ এসেছে যে, মহিলাদের লাইনে ভোটগ্রহণের গতি তুলনামূলক ধীর। মোট ভোটের সময় নয় ঘণ্টা হলেও অনেক গৃহবধূর ঘরের নানা দায়িত্ব থাকে, তাই তাদের লাইনে ভোটগ্রহণের গতি বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে এবং তারা বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।
মুক্তাদির আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষ আবার সংবিধান স্বীকৃত ভোটাধিকার চর্চার সুযোগ পেয়েছে। এই ভোটের মাধ্যমে রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন- শেরপুরে ১ আসনে ধানের শীষের সিল শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই


